২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সরকারি ব্যয় নির্বাহে ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা বেড়েছে। অর্থবছরের প্রথম ১৩ দিনেই সরকার ব্যাংক থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ ঋণের মধ্যে ৫ হাজার ৪১৪ কোটি টাকা নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এবং ৩ হাজার ৭৯৫ কোটি টাকা তফসিলি ব্যাংক থেকে। কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া পুরো অর্থই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স সুবিধার আওতায়, যা সরকারের স্বল্পমেয়াদি নগদ সংকট মোকাবিলায় দেওয়া হয় এবং সাধারণত ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে হয়।
চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের মোট ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৪৭৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা বেশি।
অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতে সরকারের স্বল্পমেয়াদি ঋণ নেওয়া অস্বাভাবিক নয়। তবে রাজস্ব আদায়ে ঘাটতি দীর্ঘস্থায়ী হলে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা আরও বাড়তে পারে।




Comments