Image description

রাজধানী ঢাকার একটি রাতের গল্প নিয়ে তৈরি হয় আশফাক নিপুন নির্মিত বহুল আলোচিত সিরিজ ‘মহানগর’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মোশাররফ করিমের চরিত্রের নাম থাকে ওসি হারুন। তার সাবলীল অভিনয় সিরিজটিকে অনবদ্য করে তোলে। প্রশংসিত হন নির্মাতা নিপুনও।

সিরিজটির কাহিনী অনেকে বাস্তবের সঙ্গেও মেলাতে থাকে। মিলও খুঁজে নেন এক একটি চরিত্র। তবে নতুন করে মোশাররফ করিমের এই সিরিজটি নিয়ে সুখবর পাওয়া গেল। ৩০ আগস্ট থেকে ‘মহানগর’র প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রি-তে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেইসঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে ‘মহানগর’র প্রথম কিস্তির ১টা পর্ব দেখা যাবে ফ্রি।

নির্মাতা আশফাক নিপুন বলেন, মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এতো পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ, যে কোনো স্থান থেকে মহানগর হইচই-তে স্ট্রিম করতে পারবেন ফ্রি।

‘মহানগর’র প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খায়রুল বাসার প্রমুখ।

উল্লেখ্য, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন ছাত্র আন্দোলনের সময়ে বেশ সরব ভূমিকা পালন করেন। সামাজিক মাধ্যমেও ছিলেন অ্যাকটিভ। তার নির্মাণে ‘মহানগর’ সিরিজটি সাড়া ফেলে দর্শকমনে। ২০২১ সালে সিরিজটি সম্প্রচার হলে বিগত সরকারের রোষানলে পড়তে হয় আশফাক নিপুনকে।


মানবকণ্ঠ/এফআই