দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তার অভিনীত নতুন সিনেমা ‘মারদানি থ্রি’ মুক্তির শুরুতেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দুই দিনে ভারতের বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে মোট ১০ কোটি রুপি।
গত শুক্রবার মুক্তি পাওয়া এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে ৪ কোটি রুপি। দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব পড়ে দ্বিতীয় দিনেও। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৬ কোটি রুপিতে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় পৌঁছেছে ১০ কোটি রুপিতে।
ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমার ওপেনিং আয়কেও ছাড়িয়ে গেছে ‘মারদানি থ্রি’। এর আগে ‘মারদানি টু’ প্রথম দিনে আয় করেছিল ৩ কোটি ৮০ লাখ রুপি এবং ‘মারদানি’ প্রথম দিনে সংগ্রহ করেছিল ৩ কোটি ৪০ লাখ রুপি। সেই তুলনায় তৃতীয় কিস্তিটি শুরু থেকেই শক্ত অবস্থান তৈরি করেছে।
বক্স অফিসে সানি দেওলের আলোচিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার টু’-এর দাপট থাকলেও নিজের জায়গা ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। উল্লেখযোগ্যভাবে, ‘বর্ডার টু’ মুক্তির মাত্র নয় দিনেই ২৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে। বড় বাজেটের সিনেমার ভিড়েও সামাজিক বার্তাসমৃদ্ধ এই থ্রিলার দিয়ে দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হচ্ছেন রানি মুখার্জি।
মানবকণ্ঠ/আরআই




Comments