২০২৬ সালের অস্কারের মঞ্চে লিওনার্দো ডিক্যাপ্রিওর সেই আলোচিত লুকের রহস্য অবশেষে উন্মোচিত হলো। কিংবদন্তি নির্মাতা মার্টিন স্কোরসেসির আসন্ন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এর জন্যই সেই বিশেষ রূপে ধরা দিয়েছিলেন এই অস্কারজয়ী অভিনেতা। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ‘শাটার আইল্যান্ড’-এর মতো মনস্তাত্ত্বিক হরর বা ভৌতিক ঘরানায় ফিরছেন এই পরিচালক-অভিনেতা জুটি।
পিটার ক্যামেরনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করছেন জেনিফার লরেন্স। ‘ডোন্ট লুক আপ’ সিনেমার পর এই জুটিকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম ঝলক বা ‘ফার্স্ট লুক’ শেয়ার করা হয়েছে, যেখানে এক হাড়কাঁপানো শীতের মধ্যে তাদের বিষণ্ণ ভঙ্গিতে হাঁটতে দেখা গেছে। পার্শ্ব চরিত্রে আরও থাকছেন ম্যাডস মিকলসেন ও প্যাট্রিসিয়া ক্লার্কসনের মতো বিশ্বনন্দিত তারকারা।
সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে এক আমেরিকান দম্পতিকে ঘিরে। একটি সন্তান দত্তক নেওয়ার উদ্দেশ্যে তারা ইউরোপের এক নিভৃত ছোট শহরে ভ্রমণে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা এক রহস্যময় ও অদ্ভুত জগতের মুখোমুখি হন। সন্তানকে পাওয়ার লড়াইয়ে নামতে গিয়ে তারা নিজেদের সম্পর্ক এবং জীবন সম্পর্কেই গভীর সন্দেহে পড়ে যান।
ভ্যারাইটি সূত্রে জানা গেছে, সিনেমাটি দর্শকদের পুরনো সেই সাইকোলজিক্যাল থ্রিলার বা হরর আমেজ ফিরিয়ে দেবে, যা স্কোরসেসির আগের কাজগুলোতে দেখা গিয়েছিল।
মানবকণ্ঠ/ডিআর




Comments