ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমা পর্দার চেয়ে এখন ব্যক্তিগত জীবন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায় নিয়ে মুখ খুলেছেন এই চিত্রনায়িকা। সেখানে নিজের বিয়েকে জীবনের ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
বিয়ের বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “বিয়ে আসলে কোনো টার্নিং পয়েন্ট নয়, ওটা আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজের অভিজ্ঞতা থেকে আমি মনে করি, পূর্ণ ম্যাচিউরিটি বা পরিপক্কতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।” ভবিষ্যতে আবারও সংসার শুরু করবেন কি না, এমন প্রশ্নে অবশ্য রহস্য বজায় রেখেছেন তিনি।
মানবকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে মেগাস্টার শাকিব খানের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপু। দীর্ঘ নয় বছর পর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে সেই খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপর ২০১৮ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় অপুর সঙ্গেই বড় হচ্ছে।
সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সমালোচনা প্রসঙ্গে অপু জানান, এসব নেতিবাচক বিষয় তাকে আর বিচলিত করে না। বরং অধিকাংশ সময় তিনি এসব এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন। নিজের অভিনয় জীবনের পরিবর্তন নিয়ে তিনি বলেন, আগে তিনি অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন, কিন্তু এখন ক্যামেরার সামনে এবং পাবলিক ফেস করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন ও পেশাদার।
অভিনয় ক্যারিয়ারে বর্তমানে তার ‘সিক্রেট’ নামক একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments