Image description

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ এপ্রিল শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর আগে এই মহীয়সী গায়িকা তাঁর একটি বিশেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন, যা শেষ পর্যন্ত অপূর্ণই রয়ে গেল।

২০২৫ সালে অভিনেত্রী অমৃতা রাও ও আরজে আনমোলের পডকাস্ট ‘কাপল অব থিংস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে আশা ভোসলে তাঁর মনের গহীনের সেই ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “৮২ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। এখন আমার একটাই শেষ ইচ্ছা—গাইতে গাইতেই যেন আমার শেষনিশ্বাস বের হয়।” গানের প্রতি আজন্ম ভালোবাসা থেকেই এমন বাসনা জানিয়েছিলেন তিনি। কিন্তু গত শনিবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, বার্ধক্যজনিত জটিলতা ও একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে নিভৃতে হাসপাতালেই বিদায় নিতে হয় সুরের এই জাদুকরকে।

আশা ভোসলের দীর্ঘ ৮২ বছরের ক্যারিয়ারে তিনি ১২ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। হিন্দি ছাড়াও ২০টিরও বেশি ভাষায় তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছে। গজল, শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে আধুনিক পপ—সব ঘরানাতেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। সংগীত জগতে তাঁর এই অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর গাওয়া কালজয়ী গানগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর শারীরিক প্রস্থান ঘটলেও সুরের মাধ্যমেই তিনি চিরকাল অমর হয়ে থাকবেন সংগীতের ইতিহাসে।

মানবকণ্ঠ/আরআই