Image description

টালিউড সুপারস্টার ও তৃণমূলের হেভিওয়েট সংসদ সদস্য দীপক অধিকারী ওরফে দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়লেন জনপ্রিয় এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট পরিহিত দেবকে ঘিরে একদল মানুষ ‘চোর চোর’ স্লোগান দিচ্ছেন। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে অভিনেতা মাথা নিচু করে ভিড় এড়িয়ে চলে যেতে দেখা যায়। এতকাল ‘সৌজন্যের রাজনীতি’র আইকন হিসেবে পরিচিত দেবের এমন ভিডিও দেখে হতবাক তাঁর ভক্ত ও অনুরাগী মহল।

২০১৪ সালে রাজনীতিতে যোগ দেওয়া দেব দীর্ঘ এক দশক ধরে সাংসদ হিসেবে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার চেষ্টা করেছেন। বিরোধীদের আক্রমণ করার ক্ষেত্রেও তিনি সবসময় শালীনতা বজায় রাখতেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলে জনতার এই ক্ষোভ তাঁকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেবের ভক্তরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। অনেক ভক্তই তাঁকে পরামর্শ দিচ্ছেন রাজনীতি থেকে চিরতরে সরে দাঁড়ানোর। কেউ লিখেছেন, ‘আপনি একজন অসাধারণ অভিনেতা, দয়া করে এই নোংরা রাজনীতি থেকে সরে দাঁড়ান।’ আবার কেউ বলছেন, ‘আমরা শুধু সিনেমার পর্দাতেই প্রিয় নায়ককে দেখতে চাই, রাজনীতির মঞ্চে আপনার এই অপমান সহ্য করা যায় না।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেবের ব্যক্তিগত জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েনি। জনতার এই ক্ষোভ মূলত তাঁর রাজনৈতিক পরিচয় এবং দলের বর্তমান পরিস্থিতির বহিঃপ্রকাশ। একজন অভিনেতার প্রতি অগাধ ভালোবাসা থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতির আমূল বদলে যাওয়াই এমন ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই