Image description

শোবিজ তারকাদের বয়স, শারীরিক গঠন কিংবা রূপচর্চা নিয়ে নেটপাড়ায় ট্রলিং যেন এক নিয়মিত ঘটনা। এবার সেই চেনা বডি শেমিং ও অহেতুক সমালোচনার বিরুদ্ধে মুখ খুলেছেন ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। তাকে দেখতে নাকি ‘বুড়ি’ লাগে, আবার কখনো দাবি করা হয় প্লাস্টিক সার্জারি করে তিনি নিজের রূপ বদলেছেন—এমন সব মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এই তারকা।

নেটিজেনদের একাংশের ধারণা, রুবিনা নাকি ‘বোটক্স’ কিংবা ‘ফেসলিফট’-এর মতো কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রুবিনা বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে এসব নেতিবাচক মন্তব্য তাকে ভীষণভাবে প্রভাবিত করত এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়তেন।

দীর্ঘদিন ধরে চলা এই কটাক্ষের বিষয়ে রুবিনা বলেন, ‘আমি প্রচুর নেতিবাচক কথা শুনেছি। লোকে বলত—বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে, মনে হয় বোটক্স করিয়েছে। শরীরে ও মুখে নিশ্চয়ই কোনো সার্জারি করিয়েছে, একদম আজব লাগছে। একটা সময় এসব শুনে প্রচণ্ড কষ্ট হতো, নিজের ওপর নেতিবাচক প্রভাব পড়ত।’

তবে সময় বদলেছে, বদলেছে রুবিনার দৃষ্টিভঙ্গিও। তিনি এখন এসব নেতিবাচকতাকে এড়িয়ে যেতে শিখেছেন। রুবিনা বলেন, ‘লোকে কী ভাবল তা আমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু সেই সমস্ত কথায় আমি কী প্রতিক্রিয়া দেব, সেটা সম্পূর্ণ আমার হাতে। আমি পরে বুঝতে পারলাম, আমার অনুভূতির চাবি যদি অন্যদের হাতে দিই, তবে তারা আমাকে আরও কোণঠাসা করে দেবে। তাই নিজেকে বোঝাতে শুরু করেছি যে, আমার যা আছে তা অন্যদের নেই।’

আধুনিক সৌন্দর্যের মাপকাঠি নিয়েও প্রশ্ন তুলেছেন রুবিনা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজকাল মোটা ঠোঁট, শার্প জ-লাইন বা টিকলো নাক না হলে কাউকে দেখতে খারাপ—এই চিন্তাভাবনাটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সবাই যদি প্লাস্টিক সার্জারি করে একই ছাঁচে তৈরি হয় এবং সবাইকে একই রকম দেখতে লাগে, তবে ঈশ্বরের সৃষ্টির অভিনবত্ব কোথায় থাকবে?’

রুবিনার এই সাহসী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে। ভক্তরা মনে করছেন, বডি শেমিংয়ের বিরুদ্ধে তার এই প্রতিবাদ অনেককে অনুপ্রাণিত করবে।

মানবকণ্ঠ/আরআই