দেশের নাট্যাঙ্গনের সুপরিচিত মুখ, আরণ্যক নাট্যদলের জ্যেষ্ঠ সদস্য ও অভিনয়শিল্পী সংঘের সক্রিয় অভিনয়শিল্পী দিলু মজুমদার আর নেই। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থবোধ করলে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ অভিনয় জীবনে দিলু মজুমদার মঞ্চ ও টেলিভিশন—উভয় মাধ্যমেই সরব ছিলেন। বিশেষ করে নাট্যদল ‘আরণ্যক’-এর বিভিন্ন কালজয়ী প্রযোজনায় তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অভিনয়ের প্রতি নিষ্ঠা ও বিনয়ী স্বভাবের কারণে সহকর্মীদের মাঝেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
তার এই আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহশিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা শোক প্রকাশ করছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments