আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘মালিক’-এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটি। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে সোমবার (২৫ মে) রাতে মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম আইটেম গান ‘গুলগুলি পিঠা’। গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।
গানটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে আরিফিন শুভ রসিকতা করে লিখেছেন, ‘ঈদের গোস্ত তো খাইবেনই... আগে “গুলগুলি পিঠা” ট্রাই করেন। “মালিক” আইতাছে ঈদে।’

পপ তারকা মিলা এবং প্রতীক হাসানের গাওয়া এই গানটির মিউজিক ভিডিওতে মিমের গ্ল্যামারাস উপস্থিতি এবং শুভর রাফ-টাফ লুক দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে মিমের আত্মবিশ্বাসী নাচের মুদ্রা এবং দক্ষিণ ভারতীয় সিনেমার আমেজ গানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। আদিত রহমানের সুর ও সংগীতায়োজনে লুৎফর হাসানের লেখা এই গানটি নিয়ে শ্রোতারা বলছেন, এটি এবারের ঈদের উৎসবে বাড়তি রঙ যোগ করবে।

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ মূলত এক জেদি মানুষের গল্প, যে নিজের অধিকার আদায়ের লড়াই করতে করতে একসময় অপরাধ জগতের ক্ষমতাধর চরিত্রে পরিণত হয়। দীর্ঘদিন পর শুভ-মিম রসায়ন এবং মিলার আইকনিক কণ্ঠের গানটি সিনেমার প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন ঈদে অ্যাকশনধর্মী এই সিনেমাটি দর্শকদের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments