ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করে আলোচনায় থাকেন চিত্রনায়িকা ও দন্তচিকিৎসক মিষ্টি জান্নাত। কখনো শাকিবের ‘তৃতীয় স্ত্রী’ হওয়ার গুঞ্জন, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ভক্তদের মনে কৌতূহল উসকে দেন তিনি। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে শাকিব খানের অতীত লুক এবং তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়িকা।
সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত অকপটে বলেন, শাকিব খান বর্তমান সময়ের সেরা স্টাইলিশ নায়ক হলেও ক্যারিয়ারের শুরুর দিকে তিনি মোটেও স্টাইলিশ ছিলেন না। মিষ্টির ভাষায়, ‘শাকিব খান এখন এক নাম্বারে। কিন্তু আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিবকে সবাই এটাই বলত। ছোটবেলায় যখন প্রথম ওকে এফডিসিতে দেখতে যাই, দেখি ও লাল লিপস্টিক লাগিয়ে বসে আছে। ওটা দেখে আমি বেশ হতাশ ও বিরক্ত হয়েছিলাম। মনে মনে বলেছিলাম— ও মাই গড! হিরো লাল লিপস্টিক পরে আছে? তবে ও যখন “শিকারী” সিনেমায় অভিনয় করল, তখন থেকে ওকে দেখে স্টাইলিশ ও ঠিকঠাক মনে হয়েছে।’ তবে সময়ের সঙ্গে শাকিবের এই আমূল পরিবর্তনকে তিনি ইতিবাচক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
শাকিবের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের গভীরতা নিয়ে ইঙ্গিত দিয়ে মিষ্টি বলেন, ‘শাকিবের সাথে বিমানে আমার যে ছবিটা ভাইরাল হয়েছিল, ওই দিনই আমি ওর বাসায় গিয়েছিলাম। ও ওপর থেকে ওর মায়ের হাতের রান্না করা খাবার নিয়ে এসে বলেছিল— “তোমার শাশুড়ি রান্না করে পাঠিয়েছে”। আমাদের মধ্যে এমনই সহজ ও সুন্দর সম্পর্ক।’
সাক্ষাৎকারে একটি মজার প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত জানান, শাকিব খান যদি সব ছেড়ে তাঁর কাছে আসতে চান, তবে তাঁর জন্য কিছু শর্ত থাকবে। মিষ্টি বলেন, ‘সে যদি তার দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে আসে, শুধু সেটাই যথেষ্ট নয়। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে! আগে ওই সব গার্লফ্রেন্ডদের রাস্তা বন্ধ করতে হবে, তারপর অন্য চিন্তা।’
পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী মিষ্টি জান্নাত সাফ জানিয়ে দেন, শাকিবের নাম ভাঙিয়ে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই এবং তিনি কারও পা ধরে বা সুপারিশে নায়িকা হননি। নিজের মেধা ও যোগ্যতাতেই তিনি ইন্ডাস্ট্রিতে টিকে আছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments