Image description

চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ৩০ বছর বয়সী এই গায়িকা এবং ৩৬ বছর বয়সী অভিনেতার বিয়ের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল।

জানা যায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 

বিয়েতে দুয়া লিপার পরনে ছিল ড্যানিয়েল রোজবেরির নকশা করা একটি শিয়াপারেলি স্যুট ড্রেস। এর সঙ্গে তিনি ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবোটিন জুতো এবং স্টিফেন জোন্সের তৈরি একটি বড় সাদা হ্যাট পরেছিলেন। অন্যদিকে, ক্যালাম টার্নার সেজেছিলেন নেভি ব্লু স্যুটে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনকে একে অপরের হাত ধরে হাঁটতেও দেখা গেছে।

যদিও বিয়ের বিষয়ে এখনও ডুয়া লিপা কিংবা ক্যালাম টার্নারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল ও দ্য সান তাঁদের বিয়ের কিছু ছবি প্রকাশ করেছে।

এর আগে, প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালাম টার্নারের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন ডুয়া লিপা। জানিয়েছিলেন, নিজের ওয়ার্ল্ড ট্যুর বা বিশ্ব সফর শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে লন্ডনে ‘মাস্টার্স অব দ্য এয়ার’ সিরিজের একটি পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ডুয়া লিপা ও ক্যালাম টার্নারকে। এরপরই মূলত তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।