পাকিস্তানের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ‘জেন-জি’ সেনসেশন হানিয়া আমির তাঁর ক্যারিয়ারে আরও একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন। বিনোদন জগতে অসামান্য প্রভাব ও আকাশচুম্বী জনপ্রিয়তার ফলস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০’ (Forbes 30 Under 30) তালিকায় জায়গা করে নিয়েছেন এই তারকা।
২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া হানিয়া খুব অল্প সময়েই দক্ষিণ এশিয়ার দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। অভিনয়ের শুরুতেই ‘ফির ওহি মোহাব্বত’ ধারাবাহিকের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। ফোর্বসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হানিয়া আমির বর্তমানে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকা, যার বর্তমান অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি।
হানিয়ার এই বৈশ্বিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁর সাম্প্রতিক কিছু কাজ। বিশেষ করে ‘কাভি ম্যায় কাভি তুম’ এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটক দুটি আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর আগে ২০২৪ সালে ‘সাং-ই-মাহ’ নাটকের জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন এবং ২০২৩ সালে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ জয় করেন তিনি।
বর্তমানে হানিয়া আমিরের হাতে রয়েছে ‘জো বাচে হ্যাঁয় সাঙ সামেট লো’ শিরোনামের একটি বড় প্রজেক্ট। এটি পাকিস্তানের প্রথম কোনো অরিজিনাল সিরিজ হিসেবে বিশ্বের অন্যতম বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে, যা তাঁর ক্যারিয়ারকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফোর্বসের এই স্বীকৃতি হানিয়া আমিরের প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল।
মানবকণ্ঠ/আরআই




Comments