সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১১ দিনের জন্য ফ্রান্স সফরের আবেদন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে ও তাদেরই অর্থায়নে এই সফরের অনুমতি চেয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
গত ১২ মে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে এই অনুমতি চেয়ে চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, ‘সিগনিফাই বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত কর্মকর্তারা ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। এই ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিই বহন করবে। তবে সরকারের পক্ষ থেকে এখনো এই সফরের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।
সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, তারা ফ্রান্স থেকে সড়কবাতি আমদানি করে বাংলাদেশে বিক্রি করেন। সাধারণত ক্রেতা প্রতিষ্ঠান বা সংস্থা যখন বড় কোনো অর্ডার দেয়, তখন উৎপাদন প্রক্রিয়া দেখাতে তাদের ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। তবে রাজশাহী সিটি করপোরেশন বর্তমানে তাদের কাছ থেকে কোনো পণ্য কিনছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সফরের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী এখন আলোকোজ্জ্বল শহর, যেখানে বাতির রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ খরচ অনেক বেশি। যদি এই ব্যয় কমানোর মতো নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, তবে সিটি করপোরেশনেরই লাভ হবে। যেহেতু ভ্রমণে সরকারি বা সিটি করপোরেশনের কোনো তহবিল ব্যবহার করা হচ্ছে না, তাই আমরা অনুমোদনের আবেদন করেছি।”
নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট জানান, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড আগে কখনোই রাসিকের কোনো টেন্ডারে অংশ নেয়নি বা কাজ করেনি। এটি কেবল একটি প্রযুক্তিগত পরিদর্শন।
তিনি বলেন, “সেখানে গেলে নতুন জ্ঞান অর্জন হবে এবং যদি কোনো সাশ্রয়ী উপকরণ বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকে, তবে তা শহরের উন্নয়নে কাজে লাগবে।”




Comments