ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর পরিবারে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। আজ শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর দেন অভিনেত্রী নিজেই। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।
ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।” পোস্টের শেষে তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বেশ কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ভাসছিল। বিশেষ করে চলতি বছরের দুই ঈদে তাঁর সিনেমা মুক্তি পেলেও প্রচারণায় তাঁকে খুব একটা দেখা যায়নি, যা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।
পারিবারিক সূত্র ও পূর্বের তথ্য অনুযায়ী, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলীর এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০২০ সালের ২১ মার্চ তাঁদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। শাকিব-বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে, যদিও তাঁরা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
বুবলীর এই খুশির সংবাদে ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নবজাতক শার্লিন খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments