Image description

গাইবান্ধার সাঘাটায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বোনারপাড়া (ফুটানীর বাজার) এলাকার জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে এই ঘটনা ঘটে।

আটক রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি মাত্র এক মাস আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাদ্রাসার অফিস কক্ষে এক ছাত্রকে একা পেয়ে রবিউল ইসলাম তাকে জোরাজুরি ও বলাৎকারের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রতন মিয়া জানান, ঘটনাটি শোনার পরপরই তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করার ব্যবস্থা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখেছিল। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর