Image description

মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নার্সিং পেশার মর্যাদা এবং তাদের পোশাকে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে আলোচনায় এসেছেন এই ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।

সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত বলেন, বর্তমান চিকিৎসকদের পোশাকের ক্ষেত্রে অনেক স্বাধীনতা থাকলেও নার্সদের এখনও সেই ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ও সেকেলে ইউনিফর্ম পরতে হয়। তিনি উল্লেখ করেন, নার্সদের ইউনিফর্মে ব্যবহৃত পিন, ক্যাপ বা বেল্ট মূলত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন নৌবাহিনীর প্রভাব থেকে আসা। গরম বা শীত—সব ঋতুতেই এই বিদেশি ধাঁচের ইউনিফর্ম পরতে বাধ্য হওয়া নার্সদের জন্য কষ্টকর।

কঙ্গনা পরামর্শ দেন, নার্সদের স্বস্তির কথা মাথায় রেখে ইউনিফর্মে একটি ‘ভারতীয় ছোঁয়া’ আনা প্রয়োজন। তবে এই পরিবর্তন অবশ্যই নার্সদের নিজস্ব প্রয়োজন ও মতামতের ভিত্তিতে হওয়া উচিত বলে তিনি মনে করেন।

পোশাকের বাইরেও নার্সিং পেশাকে কেন্দ্র করে সমাজের নেতিবাচক মানসিকতার কঠোর সমালোচনা করেন কঙ্গনা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নার্সিং এমন একটি পেশা, যেটিকে সমাজে সবচেয়ে বেশি যৌনতার দৃষ্টিতে দেখা হয়। মানুষের এই কদর্য ধারণা ও মনোভাব দ্রুত পরিবর্তন হওয়া উচিত।”

হাসপাতাল ব্যবস্থায় নার্সদের অবদান চিকিৎসকদের চেয়ে কোনো অংশে কম নয় উল্লেখ করে কঙ্গনা বলেন, আমরা শুধু চিকিৎসকদের অবদানের কথা ভাবি, কিন্তু যে লক্ষ লক্ষ নার্স ও স্বাস্থ্যকর্মী দিনরাত খেটে পুরো ব্যবস্থাকে সচল রাখছেন, তাদেরও প্রাপ্য মর্যাদা দিতে হবে। এই সিনেমায় নার্সদের চরিত্রটি অত্যন্ত সততা ও সম্মানের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে বলেও তিনি জানান।

মানবকন্ঠ/আরআই