Image description

বাংলাদেশি নাগরিকদের জন্য বি-১ ও বি-২ (পর্যটন ও ব্যবসা) ভিসার ক্ষেত্রে নতুন 'ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম' চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (৮ জুন) ঢাকার মার্কিন দূতাবাস এই বন্ড প্রোগ্রামটি কীভাবে কাজ করবে এবং কোন শর্তে অর্থ ফেরত পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে বন্ডের পরিমাণ হবে সর্বনিম্ন ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার। কোনো আবেদনকারী কনসুলার কর্মকর্তার দৃষ্টিতে ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলে, তাকে ‘pay.gov’-এর একটি সরাসরি লিংকসহ অর্থ পরিশোধের নির্দেশনা দেওয়া হবে। এই অর্থ ভিসা ইন্টারভিউয়ের পরবর্তী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

এই পাইলট প্রোগ্রামের আওতায় ইস্যুকৃত ভিসাটি হবে সর্বোচ্চ ৩ মাস মেয়াদি এবং এটি শুধুমাত্র একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) জন্য প্রযোজ্য হবে। এছাড়া, বন্ড গ্রহণকারী যাত্রীদের যুক্তরাষ্ট্রের নির্ধারিত কিছু নির্দিষ্ট ‘পোর্ট অব এন্ট্রি’ বা প্রবেশপথ ব্যবহার করেই দেশটিতে ঢুকতে হবে।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আসার পর যদি দেখা যায় আবেদনকারী ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করেছেন, তবে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে 

আবেদনকারীকে ফেরত দেওয়া হবে। বন্ড ফেরতের প্রধান শর্ত দুটি:

১. যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কোনো প্রকার কাজে লিপ্ত হওয়া যাবে না।

২. ভিসায় নির্ধারিত সময়ের মধ্যেই নিজ দেশে ফিরে আসতে হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই প্রক্রিয়াটি মূলত একটি পরীক্ষামূলক উদ্যোগ, যার মাধ্যমে নির্দিষ্ট শ্রেণির ভ্রমণকারীদের ভিসার নিয়ম মানার বিষয়টি নিশ্চিত করা হবে। শর্ত ভঙ্গ করলে জামানত হিসেবে রাখা এই বন্ডের অর্থ বাজেয়াপ্ত হতে পারে।

মানবকন্ঠ/আরআই