বলিউড মেগাস্টার আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৫ জুলাই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ষাট বছর বয়সী এই অভিনেতা।
আমির খানের এবারের পাত্রী তাঁর দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট। মুম্বাইয়ে নিজের বাড়িতেই একেবারেই ঘরোয়া ও সাদামাটা আয়োজনে আইনি (রেজিস্ট্রি) বিয়ে সারবেন বলে নিজেই নিশ্চিত করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের চূড়ান্ত পরিকল্পনা জানিয়ে আমির খান বলেন, কোনো ধরনের বড় উৎসব বা জমকালো আয়োজন ছাড়াই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। অভিনেতা বলেন, "বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনের কেউই আড়ম্বর চাচ্ছি না, তাই সাদামাটাভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।"
তবে বলিউডে আমিরের ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু শাহরুখ খান কিংবা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কি না, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। এরপর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে এটি আমিরের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments