লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে বিশ্ববাসীকে চমকে দিয়েছে ইরান ফুটবল দল। মার্কিন কর্মকর্তাদের কড়া নিয়মের কারণে ম্যাচ শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর তিজুয়ানায় ফিরতে হয় ইরানিদের। তবে মাঠ ছাড়ার আগে নিজেদের ইতিহাস, আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা এবং বিশ্ব শান্তির বার্তা সম্বলিত একটি চিঠি লকার রুমে রেখে গেছেন মেহেদি তারেমি-আলিরেজা বেইরানভান্দরা।
ইরান ফুটবল ফেডারেশন সেই চিঠির ছবি প্রকাশ করে লিখেছে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’ লস অ্যাঞ্জেলেসের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে চিঠিতে তারা আরও উল্লেখ করে, ‘আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি। যারা ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। প্রতিটি দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বৈরিতার কারণে ইরানি দলকে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্বকাপ খেলতে হচ্ছে। তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হলেও তাদের বেসক্যাম্প করা হয়েছে মেক্সিকোর তিজুয়ানায়। মার্কিন সরকারের নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন ভেন্যু শহরে প্রবেশ করে খেলা শেষ করেই তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয়।
মাঠের লড়াইয়েও অদম্য মনোভাব দেখিয়েছে ইরান। রোববার দিবাগত রাতে গ্রুপ ‘জি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় জায়ান্ট বেলজিয়ামের মুখোমুখি হয় তারা। ম্যাচে বেলজিয়ামের আক্রমণের ঢেউ বারবার আছড়ে পড়লেও ইরানের গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। তাঁর বীরত্বগাথা পারফরম্যান্সে বেলজিয়ামকে ০-০ গোলে রুখে দেয় ইরান।
টানা দুই ম্যাচে ড্র করে বিশ্বকাপের নকআউট রাউন্ডে খেলার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে ইরান। এদিকে দিনের অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘জি’-র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মিশর। বেলজিয়ামের বিপক্ষে পাওয়া এই ঐতিহাসিক ১ পয়েন্ট ইরানকে গ্রুপ পর্বে সুবিধাজনক অবস্থানে রেখেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments