রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হলেও একদিন আগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা আসায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।
আয়োজকরা জানান, কনসার্টের নতুন তারিখ নির্ধারণের চেষ্টা চলছে। নতুন তারিখ ঘোষণা করা সম্ভব না হলে টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে। এছাড়া যেসব দর্শক টিকিটের মূল্য ফেরত নিতে চান, তাদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায় নিজেও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। আকস্মিক এ সিদ্ধান্তে তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুতই নতুন তারিখ নির্ধারণের আশাবাদ ব্যক্ত করেন।
রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে কনসার্টটি আয়োজনের কথা ছিল। সিলন টি'র পৃষ্ঠপোষকতায় ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনিরও অংশ নেওয়ার কথা ছিল।
কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘোষণায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।




Comments