Image description

ক্রিকেট মাঠে ব্যাট হাতে সাফল্যের পর এবার ফ্যাশনের দুনিয়ায় নতুন ইনিংস শুরু করলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। তিনি লাইফস্টাইল গহনা ব্র্যান্ড ক্যান্ডের-এর নতুন শুভেচ্ছাদূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) হয়েছেন। এতদিন এই ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। এবার তার সঙ্গে যুক্ত হলেন স্মৃতি মান্ধানা।

কল্যাণ জুয়েলার্সের সহযোগী ব্র্যান্ড ক্যান্ডের মূলত আধুনিক ও তরুণ প্রজন্মের ক্রেতাদের লক্ষ্য করে তাদের বিপণন কৌশল সাজিয়েছে। স্মৃতি মান্ধানাকে যুক্ত করার মাধ্যমে দেশের তরুণদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশা এবং সাধ্যের মধ্যে দামের গহনা ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে ব্র্যান্ডটি।

স্মৃতি মান্ধানার হাত ধরে প্রতিদিন ব্যবহারযোগ্য লাইফস্টাইল গহনার বাজারে নতুন মাত্রা যোগ করতে চায় ক্যান্ডের। বর্তমানে প্রতিষ্ঠানটির ১৩০টিরও বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও ক্রেতারা সহজেই গহনা কিনতে পারছেন।

বর্তমান সময়ে স্মৃতি মান্ধানা শুধু ক্রিকেট নয়, তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার একটি নাম। মাঠে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি তার রুচিশীল পোশাক-পরিচ্ছদ ও ব্যক্তিত্বও অনেকের নজর কাড়ে। নারী ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির এই সময়ে তাকে ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ক্যান্ডের। প্রতিষ্ঠানটির গহনার অন্যতম বৈশিষ্ট্য হলো—হালকা, আধুনিক এবং প্রতিদিন ব্যবহারের উপযোগী নকশা, যা আজকের নারীদের জীবনধারার সঙ্গে মানানসই।

ক্যান্ডেরের পরিচালক রমেশ কল্যাণরামন বলেন, স্মৃতি মান্ধানার প্রভাব শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নয়; তিনি আত্মবিশ্বাসী নতুন প্রজন্মের প্রতীক। শাহরুখ খান ও স্মৃতি মান্ধানাকে একসঙ্গে ব্র্যান্ডের মুখ হিসেবে পাওয়া ভারতের বৈচিত্র্য ও আধুনিকতার প্রতিফলন। তাদের উপস্থিতি সারা দেশের ক্রেতাদের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ক আরও দৃঢ় করবে। প্রতিদিনের কর্মজীবন, অবসর কিংবা ছোটখাটো উৎসব—সব ধরনের মুহূর্তের জন্য উপযোগী গহনা তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে।

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্মৃতি মান্ধানাও। তিনি বলেন, ক্যান্ডেরের সমসাময়িক নকশাগুলো তার ব্যক্তিগত ফ্যাশন ভাবনার সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। তার কাছে গহনা শুধু বিশেষ দিনের সাজ নয়, বরং প্রতিদিন নিজের ব্যক্তিত্ব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।