দীর্ঘ ২৫ বছরের পরিচয় এবং দুই বছরেরও বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাট। ৬১ বছর বয়সে এটি আমির খানের তৃতীয় বিয়ে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজস্ব বাসভবনে ঘরোয়া কিন্তু জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইতোমধ্যে আইনি নথিতে স্বাক্ষরের মাধ্যমে তারা বিয়ের নিবন্ধনও সম্পন্ন করেছেন।
বিয়ের খবর প্রকাশের পরই আমির খানের জনসংযোগ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং অমূল্য কিছু মুহূর্তের উদযাপন। আমির খানের বিয়ের উৎসবের ভেতরের একটি ঝলক, যা উষ্ণতা, আনন্দ এবং একটি সত্যিকারের অবিস্মরণীয় উদযাপনের জাদুতে ভরপুর।’
গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছিলেন। যদিও তাদের পরিচয় প্রায় ২৫ বছরের, তবে মাত্র দুই বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান।
এই অন্তরঙ্গ আয়োজনে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ। গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছেলেও অনুষ্ঠানে অংশ নেয়। বিদেশ থেকে আসা আত্মীয়-স্বজনসহ প্রায় ১৫০ জন অতিথি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমির খান প্রথম বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে। তাদের সংসারে দুই সন্তান—জুনায়েদ ও ইরা খান। পরে ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দেখাশোনা তারা যৌথভাবেই করছেন।
অন্যদিকে, গৌরী স্প্র্যাটের আদি বাড়ি বেঙ্গালুরু। তিনি সেখানেই বেড়ে উঠেছেন। তার মা রিতা স্প্র্যাট বেঙ্গালুরুর একটি পরিচিত সেলুনের মালিক ছিলেন। গৌরীর লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের জনপ্রিয় ‘বি ব্লান্ট’ সেলুনের পরিচালনার সঙ্গে যুক্ত।




Comments