ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন রাজপুত্র হ্যারি। এ লক্ষ্যে রাজা তৃতীয় চার্লসের শর্ত মেনে নিতে স্ত্রী মেগান মার্কেলকে তিনি বোঝানোর চেষ্টা করছেন বলে দাবি করেছে একটি গণমাধ্যম।
বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক সংবাদমাধ্যম হিট ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে হাইগ্রোভ হাউসে রাজা চার্লসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর হ্যারি উপলব্ধি করেন, রাজপরিবারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের একমাত্র পথ হলো রাজার শর্ত মেনে চলা।
প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্রের দাবি, রাজা চার্লস চান অতীতের ভুল বোঝাবুঝি ও বিরোধের অবসান ঘটিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠনে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হোক। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং বাস্তব অগ্রগতি দেখতে চান। একই সঙ্গে রাজপরিবারে শান্তি ফিরিয়ে আনতে তার নির্ধারিত শর্তগুলো অনুসরণের ওপরও গুরুত্ব দিয়েছেন।
সূত্রটির ভাষ্য অনুযায়ী, রাজার শর্ত উপেক্ষা করা হলে ভবিষ্যতে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগও হারিয়ে যেতে পারে। এ কারণেই হাইগ্রোভ হাউসের বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন হ্যারি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হ্যারি বর্তমানে মেগানকে বোঝানোর চেষ্টা করছেন যে, রাজপরিবারের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে হলে তাদের আগের অবস্থান থেকে সরে এসে নতুন কৌশল গ্রহণ করতে হবে। পরিবারে পুনরায় গ্রহণযোগ্যতা পেতে হলে রাজপরিবারের নিয়ম ও শর্ত মেনে চলাই সবচেয়ে কার্যকর পথ বলে তিনি মনে করছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাকিংহাম প্যালেস কিংবা ডিউক ও ডাচেস অব সাসেক্স—প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২০ সালে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। এরপর বিভিন্ন সাক্ষাৎকার ও তথ্যচিত্রে রাজপরিবারের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। তবে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ বা সমঝোতার প্রমাণ পাওয়া যায়নি।




Comments