Image description

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। এতে বহু মানুষ আহত হয়েছেন। ধসে পড়া একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় ওই বিপণিবিতানের একটি অংশ ধসে পড়ে। এতে ভেতরে থাকা অনেক মানুষ আটকা পড়েন। বর্তমানে জরুরি উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস জানিয়েছে, ধসে পড়া শপিং সেন্টারটিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে টিভি আসাহি জানিয়েছে, কয়েকজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ফুজি টিভিও হতাহতের খবর দিয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।

উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া দপ্তর কুমামোতো, নাগাসাকিসহ কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছিল। তবে সাগরের পানিতে বড় ধরনের পরিবর্তন না পাওয়ায় প্রায় দুই ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পে কিউশু দ্বীপের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিরাপত্তার কারণে রেল কর্তৃপক্ষ বুলেট ট্রেন চলাচলও সাময়িক বন্ধ করে দেয়।

উদ্ধার ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগের সদস্যরা কাজ করছেন।