শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা অক্ষত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজেই দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।
শনিবার (২৯ আগস্ট) দিনগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার খবর দেন তিশা।
অভিনেত্রী জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তারা। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে তাদের বহনকারী গাড়িতে একটি পিকআপ ধাক্কা দিয়ে চলে যায়।
লাইভে তিশা বলেন, শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে ঢাকায় ফেরার সময় ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলে করে পিছু নিয়ে পিকআপটি আটক করা হয় বলে জানান তিনি। দুর্ঘটনায় গাড়িটির বেশ ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিশা বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’
এ বিষয়ে তিশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খুদেবার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
এসএস




Comments