Image description

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন।

বাঁধন জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে আখ্যায়িত করে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন। তারা ওই ঘটনার ভিডিও ধারণ করেন এবং তাকে গালাগালিও করেন বলে অভিযোগ করেন বাঁধন।

ভিডিওবার্তায় বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঘটনাটি সজীব ওয়াজেদ জয়ের নজরে আনার অনুরোধও করেন বাঁধন। তিনি জানান, সজীব ওয়াজেদ জয়ও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একদল ব্যক্তিকে নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করতে দেখা গেছে। ভিডিওতে তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তার দিকে চড়াও হওয়ার চেষ্টা করছেন বলে দেখা যায়।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

 এসএস