ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর হিসাবে, তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।
গত বছরের তালিকায় শাহরুখ খান ও তার পরিবারের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এক বছরের ব্যবধানে হিসাব অনুযায়ী সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, যা প্রায় ২০ শতাংশ। তবে সম্পদ কমলেও অভিনেতাদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
শাহরুখের সম্পদের বড় অংশ এসেছে অভিনয়ের বাইরের ব্যবসা থেকে। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে তিনি পরিচালনা করছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি প্রতিষ্ঠানটি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গেও যুক্ত।
ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় বিনিয়োগ রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে, যার অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ফলে বিনোদন ও ক্রীড়া—দুই খাতই তার সম্পদের গুরুত্বপূর্ণ উৎস।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। তৃতীয় অবস্থানে সালমান খান, তার সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। চতুর্থ অবস্থানে থাকা হৃতিক রোশনের সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি।
তবে হুরুনের হিসাবকে শাহরুখের হাতে থাকা নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়।
গত বছরের তালিকায় শাহরুখের পরেই ছিলেন জুহি চাওলা ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তবে ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় জুহির নাম নেই। একইভাবে গত বছর ১ হাজার ৮৮০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় থাকা করণ জোহরও এবার নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এনএ




Comments