Image description

আদালত প্রাঙ্গণে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে এক সাংবাদিককে গালিগালাজ করেছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে ওই সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অন্য সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা।’ এ সময় তিনি ওই সাংবাদিককে গালিগালাজ করেন।

পরে পরীমনি বলেন, ‘সাংবাদিকরাও মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস।’

এদিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী জানান, বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ওই মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। অন্যদিকে, পরীমনির আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমনির জামিন বাতিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এনএ