Image description

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে সাতটি ব্যান্ডের অংশগ্রহণে টানা সাত ঘণ্টার কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন।

কনসার্টে সংগীত পরিবেশন করবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সাতটি ব্যান্ড ধারাবাহিকভাবে মঞ্চে সংগীত পরিবেশন করবে।

আয়োজকদের উদ্দেশ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সংগীত আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা। একই মঞ্চে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, কনসার্টের ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

কনসার্টের খবর জানিয়ে ব্যান্ড ওয়ারফেজের পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবার সংগীত আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক আবহে দিবসটি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

এনএ