আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের মাধবপুরের কৃতি সন্তান এডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের সমমানের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এডভোকেট আমিনুল ইসলাম ১৯৬৫ সালের ১৫ জুন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম নূর মিয়া এলাকায় একজন অত্যন্ত সৎ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।
তিনি ১৯৮০ সালে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮২ সালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৪ সালে একই প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ঢাকা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে ঢাকা বারে আইন পেশা শুরু করার পর ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে তালিকাভুক্ত হন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং ঢাকা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় অন্যতম আইনজীবীর ভূমিকা পালন করেন। এছাড়া রাজনৈতিক অঙ্গনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে অন্যতম আইনজীবী হিসেবে তিনি দেশব্যাপী পরিচিত। তাঁর সহধর্মিণী এডভোকেট সুফিয়া আক্তার হেলেনও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং মাধবপুর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান।
এডভোকেট আমিনুল ইসলামের এই নিয়োগের খবরে মাধবপুরে আনন্দের জোয়ার বইছে। মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি বলেন, “তিনি একজন অত্যন্ত মেধাবী ও সৎ আইনজীবী। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর নিয়োগ একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।”
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কায়েস আহমেদ সালমান এবং বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক হামিদুর রহমান এই নিয়োগকে মাধবপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে অভিহিত করেছেন। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments