Image description

সারাদেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ ও প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, গত একদিনে সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হাম বিষয়ক পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে দুইজন এবং বরিশাল ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন।

বিভাগভিত্তিক ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনায় ২৭৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, বরিশাল বিভাগে ২১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, রাজশাহী বিভাগে ১৩২, ময়মনসিংহ বিভাগে ৭৯ এবং রংপুর বিভাগে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১১৮ জন মারা গেছেন দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে।

অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪৩ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন সন্দেহভাজন সংক্রমিত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

ডিআর