Image description

ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত।

গতকাল শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। খবর রয়টার্সের 

এর আগে, গত শুক্রবার ওয়াশিংটন দিল্লিকে জানিয়েছে, রুশ তেল আমদানির বিকল্প হিসেবে শিগগিরই ভারত ভেনেজুয়েলা থেকে তেল কেনা আবার শুরু করতে পারে। তার পরদিনই তিনি এমন মন্তব্য করলেন। ট্রাম্প বলেন, ‘আমরা (ভারত-যুক্তরাষ্ট্র) ইতিমধ্যেই চুক্তি করেছি অন্তত চুক্তির ধারণাগত কাঠামোতে সম্মত হয়েছি।’ 

ভারতের পণ্যে যে ডোনাল্ড ট্রাম্প প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তার অন্যতম কারণ ছিল ভেনেজুয়েলার তেলা কেনা। ২০২৫ সালের মার্চ মাসে ভেনেজুয়েলার জ্বালানি তেল কেনার কারণে ভারতসহ বেশ কয়েকটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের ৩ জানুয়ারি মাদুরোকে আটক করার পর কারাকাস সরকারের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘ মেয়াদে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাও করছে ওয়াশিংটন।

ভারতের কাছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো তেল রপ্তানি থেকে রাশিয়ার অর্জিত রাজস্ব কমানো। যে অর্থ ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। তবে ভেনেজুয়েলার তেল কীভাবে ভারতে বাজারজাত করা হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি সূত্রগুলো।