Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, “আমেরিকা বা ভারতের এম্বাসির প্রেসক্রিপশনে বাংলাদেশে কখনোই ইসলাম কায়েম করা সম্ভব নয়। যারা দিল্লি, পিন্ডি কিংবা ওয়াশিংটন থেকে আসা ফর্মুলায় দেশ চালাতে চায়, তাদের মাধ্যমে ইসলামের বিজয় আসবে না।”

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ শিশু পার্ক মাঠে হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে এ দেশের মানুষ অনেক দলের শাসন দেখেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ২০২৪ সালের পটপরিবর্তনের পর আমরা ইসলামের পক্ষে একটি ‘এক বাক্স’ নীতির প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি, একটি দল ক্ষমতার মোহে পড়ে বলছে—তারা ক্ষমতায় গেলে ইসলাম নয়, বরং প্রচলিত আইনেই দেশ চালাবে। তাদের সাথে থাকলে ইসলামের বাক্সে আর ইসলাম থাকতে পারে না।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখাকে ইসলামের পক্ষের ‘একমাত্র বাক্স’ হিসেবে উল্লেখ করে তিনি দেশবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের রামগঞ্জসহ দেশের ২৬৮টি আসনে এই প্রতীকে ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ।

জনসভায় আরও বক্তব্য রাখেন ওলামা-মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেজাউল করিম আবরার এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর