Image description

সিলেটের জৈন্তাপুর থেকে 'জুলাই পদযাত্রা' কর্মসূচি শেষে শহরে ফেরার পথে হামলার শিকার হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর। হামলায় গাড়ির কাঁচ ভেঙে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, পদযাত্রা শেষে নেতা-কর্মীদের নিয়ে সিলেটে ফেরার পথে একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে গাড়িবহরে হামলা চালায়। এ সময় একটি গাড়ির কাঁচ ভেঙে যায় এবং ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা আরও একজনের হাত রক্তাক্ত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষেও এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। ওই হামলার জন্য ক্ষমতাসীন বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে আসছে এনসিপি।

সেই দিন সন্ধ্যায় হবিগঞ্জ শহরে এনসিপির প্রতিবাদ মিছিল বের হলে উভয় পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) রাতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।

এদিকে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পাল্টা মামলা দায়ের করে জেলা ছাত্রদল। হবিগঞ্জ সদর মডেল থানায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। ওই মামলায় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর