Image description

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৮। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।

ইএমএসসি জানায়, বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিকিমের জিয়ালশিং শহরের উত্তর দিকে প্রায় ৯ কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।

কম্পনটি মৃদু হওয়ায় এখন পর্যন্ত সিকিম বা পার্শ্ববর্তী দার্জিলিং এলাকায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনে পাহাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, হিমালয় পাদদেশীয় অঞ্চল হওয়ায় সিকিম ও তৎসংলগ্ন এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।

মানবকণ্ঠ/ডিআর