সারাদেশে চলমান নির্বাচনের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন সরকারের মূল লক্ষ্য ও চ্যালেঞ্জ হলো ভোটগ্রহণ প্রক্রিয়াকে ‘পারফেক্ট’ বা নিখুঁত করা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “সারা দেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি একটি খুবই ইতিবাচক পরিবর্তন। নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট।”
নির্বাচনী প্রস্তুতির বর্তমান পর্যায় নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “উই আর ভেরি হ্যাপি (আমরা খুব খুশি)। তবে আমাদের জন্য এখন আসল চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট (ভোট নিখুঁত করা)। ভোটাররা যেন নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
নির্বাচনের আগের সময়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আগামী একটি সপ্তাহ খুবই ক্রুশিয়াল (গুরুত্বপূর্ণ)। আমি আশা করি, এই ভোট বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। মানুষ পুরো পরিবার নিয়ে একসঙ্গে ভোট উৎসবে যোগ দেবে এবং বিশেষ করে নারীরা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”
বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments