Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে পর্যায়ক্রমে দলীয় প্রধানদের এই ভাষণগুলো প্রচারিত হবে।

বিটিভির দায়িত্বশীল সূত্র শনিবার (৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এখন পর্যন্ত চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন এবং তাদের আবেদনের প্রেক্ষিতে সময় বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য কোনো দল এখন পর্যন্ত আবেদনের জন্য চিঠি দেয়নি।

ঘোষিত সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভাষণ দেবেন।

পরদিন ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সময় চূড়ান্ত করা হয়েছে।

দেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রীয় গণমাধ্যমে দলীয় প্রধানদের ভাষণ প্রচারের এই উদ্যোগটি দীর্ঘ সময় পর পুনরায় ফিরে আসছে। বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক নেতাদের এভাবে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এর আগে সর্বশেষ ২০০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের সুযোগ দেওয়া হয়েছিল।

নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে রাজনৈতিক নেতাদের এই ভাষণ প্রচারের মাধ্যমে ভোটাররা দলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সরাসরি স্বচ্ছ ধারণা পাবেন, যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক।

মানবকণ্ঠ/ডিআর