দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে পুনরায় ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় নাগরিকদের জন্য এই সেবা পুনরায় উন্মুক্ত করা হয়। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণের প্রথম পদক্ষেপ হিসেবে এই অগ্রগতি ঘটলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাসের দেওয়া ঘোষণার পরই এই পদক্ষেপ নিল ঢাকা। এর আগে বৃহস্পতিবার অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, ভারতও শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ওই সময় ঢাকায় বিভিন্ন স্থাপনায় হামলা এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় নিরাপত্তা উদ্বেগে ভিসা কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষ। দীর্ঘ দুই মাস পর বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসায় এই অচলাবস্থার অবসান ঘটছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তা এবং তাঁর বিশেষ প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লার শপথ অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দিল্লিতে পুনরায় ভিসা কার্যক্রম শুরু হওয়াকে সেই বন্ধুত্বেরই একটি বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments