Image description

ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ভূপাতিত করার ঘটনায় তুরস্কের সার্বভৌমত্বের ওপর হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

বুধবার (৪ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন এবং তুরস্ককে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব স্টেট এক বিবৃতিতে জানায়, ফোনালাপে মার্কো রুবিও তুরস্কের সার্বভৌম ভূখণ্ডে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "যুক্তরাষ্ট্র তুরস্কের পাশে আছে এবং যেকোনো পরিস্থিতিতে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।"

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়া হয়ে তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর অত্যাধুনিক আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি মাঝ আকাশে ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ দক্ষিণ তুরস্কের সিরিয়া সীমান্ত সংলগ্ন দোরতইয়োল জেলায় পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একজন তুর্কি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি প্রাথমিকভাবে গ্রিক সাইপ্রাসের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, তবে মাঝপথে এটি দিক পরিবর্তন করে তুরস্কের দিকে চলে আসে।

ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটে তুরস্কের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যকার কৌশলগত সম্পর্কের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর