Image description

মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ আরও উসকে দিয়ে সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। একই সময়ে ইসরায়েলের অ্যারোস্পেস সেন্টারে ড্রোন হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানান, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে এই সফল অভিযান পরিচালনা করেছে। আইআরজিসি-র দাবি অনুযায়ী, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন গোয়েন্দা বিমান ও সামরিক কার্যক্রমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই কৌশলগত গুরুত্ব বিবেচনা করেই সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির নিকটস্থ ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে। অভিযানে তারা অত্যন্ত বিধ্বংসী ‘আরাশ-২’ অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।

তবে ইরান ও হুতিদের এই হামলার দাবি এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে এই বহুমুখী হামলার দাবি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে চরম উত্তপ্ত ও শঙ্কার মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আলজাজিরা

মানবকণ্ঠ/ডিআর