Image description

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব-এর আকাশ হঠাৎই ভরে ওঠে হাজার হাজার কাকের ঝাঁকে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহলের জন্ম দিয়েছে। মঙ্গলবার শহরের আকাশজুড়ে কালো পাখির এই বিশাল সমাবেশ অনেকের কাছে অস্বাভাবিক ও ভীতিকর মনে হয়। বিশেষ করে আজরিয়েলি টাওয়ার-এর ওপর দিয়ে কাকের দল চক্রাকারে উড়তে থাকলে দৃশ্যটি আরও নাটকীয় হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এ দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমান ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই এই ঘটনাকে ‘অশুভ সংকেত’ বা সম্ভাব্য বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে দেখছেন। কেউ কেউ ধর্মীয় ব্যাখ্যাও টানছেন, বিশেষ করে বুক অফ রেভেলেশন-এর উল্লেখ করে বলছেন, বড় কোনো যুদ্ধ বা দুর্যোগের আগে এ ধরনের ঘটনার বর্ণনা সেখানে রয়েছে।

ইতিহাসেও পাখির আচরণ নিয়ে নানা বিশ্বাস প্রচলিত ছিল। প্রাচীন রোমানদের ‘অগার’রা পাখির চলাফেরা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করতেন। একইভাবে টাওয়ার অফ লন্ডন-এর দাঁড়কাকদের নিয়েও রয়েছে কিংবদন্তি, যেখানে বলা হয় কাক চলে গেলে ব্রিটিশ রাজতন্ত্রের পতন ঘটবে।

তবে বিশেষজ্ঞরা এই ঘটনাকে সম্পূর্ণ প্রাকৃতিক বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, ইসরায়েল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পাখির পরিযায়ন পথ। প্রতি বছর বসন্তকালে বিপুল সংখ্যক পাখি এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। বিশেষ করে হুডেড ক্রো প্রজাতির কাক এ সময় দলবদ্ধভাবে বিচরণ করে এবং শহরের উঁচু ভবন ও সহজলভ্য খাদ্যের কারণে বড় ঝাঁক তৈরি করে।

পক্ষীবিদরা বলছেন, এটি কোনো অতিপ্রাকৃত বা অশুভ ইঙ্গিত নয়; বরং ঋতুভিত্তিক স্বাভাবিক আচরণ। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা এমন দৃশ্যকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে তুলছে।

মানবকণ্ঠ/আরআই