রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিগত করোনা মহামারীর (কোভিড-১৯) ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মস্কোতে ব্যবসায়িক নেতাদের সাথে আয়োজিত এক বৈঠকে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
পুতিন বলেন, এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে আন্তর্জাতিক লজিস্টিকস ও পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জ্বালানি (হাইড্রোকার্বন), ধাতু এবং সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। এর ফলে বিশ্ববাজারে এসব পণ্যের তীব্র সংকট তৈরি হওয়া এবং অস্বাভাবিক দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে এমন এক স্থবিরতা নিয়ে আসতে পারে, যা অনেকটা মহামারীকালীন পরিস্থিতির মতো উন্নয়নের গতি স্তিমিত করে দেবে। অনেক বিশেষজ্ঞই এই সংঘাতের সম্ভাব্য ফলাফলকে করোনা মহামারীর সঙ্গে তুলনা করছেন।
সংঘাতের ভবিষ্যৎ নিয়ে পুতিন বলেন, "এই মুহূর্তে এর সুদূরপ্রসারী প্রভাব বা সঠিক পরিণতি অনুমান করা প্রায় অসম্ভব। এমনকি যারা সরাসরি এই সংঘাতের সাথে জড়িত, তারাও সম্ভবত নিশ্চিত নন যে শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments