ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নৌ-অবরোধের ফলে এ পর্যন্ত ৩১টি তেলবাহী জাহাজকে তাদের গতিপথ পরিবর্তন করতে অথবা পুনরায় বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, ইরানের ওপর সমুদ্রপথে আরোপিত আন্তর্জাতিক অবরোধ কার্যকর করার অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করছে। গত ১৩ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর থেকেই ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা সব জাহাজকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ইরানের তেল বাণিজ্যে আঘাত হেনে দেশটির ওপর তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টি করা।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এই নৌ-অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলারের বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে কঠোর নজরদারি সত্ত্বেও কিছু জাহাজ এখনো এই বেষ্টনী এড়িয়ে চলার চেষ্টা করছে। জ্বালানি বিশ্লেষণ সংস্থা ‘ভরটেক্সা’র তথ্য অনুযায়ী, অন্তত ৩৪টি তেলবাহী জাহাজ এখনো অবরোধ এড়িয়ে বিভিন্ন রুটে চলাচল করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কিছু ইরানি জাহাজ মার্কিন বাহিনীর চোখ ফাঁকি দিতে তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ করে চলাফেরা করছে। এমনকি মাঝসমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে গোপনে তেল স্থানান্তরের মতো কৌশলও অবলম্বন করছে তারা। তবে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments