২০২৬ সালের বৈশ্বিক গণতন্ত্র ও রাষ্ট্রীয় ধারণা সংক্রান্ত এক নতুন জনমত জরিপে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে আলোচিত দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরাইল। ‘নিরা ডেটা’ পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, নেতিবাচক অবস্থানের দিক থেকে ইসরাইলের পরেই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান এবং ইরান।
জরিপ অনুযায়ী, বিশ্বের মানুষের কাছে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির পাঁচটি দেশ হলো যথাক্রমে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন এবং ইতালি। ১২৯টি দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থার ওপর পরিচালিত এই গবেষণায় ৪৬ হাজার ৬৬৭ জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
মূলত গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনিদের গণউচ্ছেদ, দুর্ভিক্ষ সৃষ্টির নীতি এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিকভাবে ইসরাইলের ভাবমূর্তি পুরোপুরি ধসে পড়েছে। মানবাধিকার সংস্থা, জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর হুঁশিয়ারি এই নেতিবাচক অবস্থানে বড় প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।




Comments