Image description

ভারতের বিরুদ্ধে অপতৎপরতা ও সন্ত্রাসবাদে মদত অব্যাহত রাখলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে’।

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর এনডিটিভি’র।

অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের প্রতিক্রিয়া জানাবে? জবাবে সেনাপ্রধান বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তবে তাদেরই ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাস হয়ে যেতে চায়।”

ভারতীয় সেনাপ্রধানের এই সংক্ষিপ্ত কিন্তু কড়া বক্তব্যকে পাকিস্তানের প্রতি সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। তিনি পুনরায় স্পষ্ট করেন যে, সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে ভারত কোনো ধরনের আপস করবে না।

উল্লেখ্য, গত বছরের ৭ মে কাশ্মীরের পাহেলগামে এক প্রাণঘাতী হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। তখন পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ ভারতীয় বাহিনী সুনির্দিষ্ট হামলা চালায় বলে দাবি করে নয়াদিল্লি। এর জেরে দুই দেশের মধ্যে টানা ৮৮ ঘণ্টা ধরে তীব্র সামরিক সংঘাত চলেছিল এবং পরবর্তীতে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

মানবকণ্ঠ/ডিআর