Image description

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর তৃণমূল কংগ্রেসকে নতুন করে সাজানোর ডাক দিয়েছেন দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দলে থাকতে চান না, তারা নির্দ্বিধায় চলে যেতে পারেন।

শুক্রবার (১৫ মে) কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ নেতাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন মমতা। নির্বাচনে ভরাডুবির পর ভেঙে পড়া নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, “যারা অন্য দলে চলে যেতে চায়, তাদের যেতে দিন। আমি নতুন করে দল গড়ব। যারা দলে থাকবেন, তারা ক্ষতিগ্রস্ত দলীয় অফিসগুলো মেরামত করুন, রং করুন এবং আবার চালু করুন। প্রয়োজন হলে আমি নিজেও রং করব। তৃণমূল কখনো মাথা নত করবে না।”

দলীয় সূত্র জানায়, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের রায় লুট করা হয়েছে বলে দাবি করেন। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দল আবার ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত ৬ মে এক সংবাদ সম্মেলনেও তিনি বলেছিলেন, “যার যেতে ইচ্ছে করে, সে যেতে পারে। আমি কাউকে জোর করে ধরে রাখতে বিশ্বাস করি না।”

উল্লেখ্য, এবারের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল অত্যন্ত শোচনীয়। দলটি মাত্র ৮০টি আসনে জয়লাভ করে শাসক দল থেকে প্রধান বিরোধী দলে নেমে এসেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তাঁর দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আসন ভবানীপুরে পরাজিত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই ‘যাওয়ার দরজা খোলা’ বার্তা দলের অভ্যন্তরীণ শুদ্ধিকরণ নাকি বড় কোনো ভাঙনের পূর্বাভাস, তা সময়ই বলে দেবে।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।

মানবকণ্ঠ/ডিআর