যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ-আকাশে দুটি যুদ্ধবিমানের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হলেও এতে থাকা চারজন ক্রু সদস্যই প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
রোববার আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। আয়োজক কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়, বিমানঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে বিমান দুটি বিধ্বস্ত হয়।
মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমান দুটি ছিল ‘ইএ-১৮জি গ্রাউলার’ যুদ্ধবিমান। এগুলো মূলত ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝ-আকাশে সংঘর্ষের পরপরই বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত মাটির দিকে নামতে থাকে। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গেই বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং চারদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমান দুটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেই চারটি প্যারাশুট ধীরে ধীরে আকাশ থেকে নিচে নেমে আসছে, যা নিশ্চিত করে যে ক্রু সদস্যরা সময়মতো ইজেক্ট করতে পেরেছেন।
মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে এয়ার শো বাতিল করা হয়েছে এবং পুরো সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ।
মানবকণ্ঠ/আরআই




Comments