সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
সৌদি আরবের পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও রোববার সন্ধ্যায় ঘোষণা করেছে যে, দেশ দুটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
এদিকে, তুরস্কও ২৭ মে ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটি সাধারণত খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ অনুসরণ করে ক্যালেন্ডার তৈরি করে। সেই হিসাব অনুযায়ী তুরস্কেও আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার পর সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) এর পরের দিন চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ঈদের তারিখ নির্ধারিত হয়।




Comments