Image description

দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন হামের উপসর্গ নিয়ে এবং বাকি ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জন ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের। অন্যদিকে, হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর বাইরে ১ হাজার ২৭০ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট ৮ হাজার ৬৭ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

হাসপাতালগুলোর চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৪১ হাজার ১২০ জন ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের টিকাদান এবং দ্রুত চিকিৎসার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ ও আইসোলেশন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মানবকণ্ঠ/আরআই